শাবিপ্রবির সব দেয়াল লিখন মুছে ফেলার নির্দেশ শিক্ষামন্ত্রীর

উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে নানা প্রতিবাদী স্লোগান ও গ্রাফিতি আঁকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসব দেয়াললিখন ও গ্রাফিতি মুছে ফেলতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার সন্ধ্যায় মন্ত্রীর বরাতে দেশ রূপান্তরকে এমনটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

তিনি জানান, ‘শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় দেয়াল লিখন মুছে দেওয়ার কথা বলেছিলেন। তাই আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেয়াল লিখন মুছতে গেলে কিছু শিক্ষার্থী এসে বাধা দেন। পরে আমরা দেয়ালের লিখন মোছার কাজ বন্ধ রাখি।’

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ এ বিষয়ে বলেন, দেয়াললিখন মুছে দেওয়ার বিষয়ে আমরা কোনো নির্দেশনা পায়নি।

এ দিকে গত শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে শাবিপ্রবি সংকট নিরসনে বিমানযোগে সিলেটে পৌঁছান শিক্ষামন্ত্রী দীপু মনি। তার সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধিরা।

সিলেট সার্কিট হাউসে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শাবিপ্রবি ক্যাম্পাসে যান।

সেখানে গিয়ে প্রথমেই তিনি আন্দোলনরত কয়েকশ শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়েও তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের গোলচত্বরের পাশে অবস্থানরত কয়েকশত আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন শিক্ষামন্ত্রী।

এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় বিশ্ববিদ্যায়ের উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে ৭টা ৩৫ মিনিটে ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আন্দোলনরতদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে আজ সন্ধ্যায় আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

রবিবার থেকে ক্লাস পরীক্ষায় বসার আহ্বান জানিয়েছেন তারা।