যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় আহত সবজি ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রুস্তম আলী(৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার ভোর রাত ৪টার দিকে যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে যাওয়ার পথে একটি দ্রুতগতির পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রুস্তম আলীর ভাই মোহাম্মদ আলী জানান, রুস্তম যাত্রাবাড়ীর দনিয়ার ছনটেক রোড এলাকায় থাকতেন। তিনি এক মেয়ের বাবা। যাত্রাবাড়ী আড়তে সবজি বিক্রি করতেন। সবজি কেনা-বেচার জন্যই তিনি বাসা থেকে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সড়ক থেকে উদ্ধার করে রুস্তমকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ অবস্থায়ই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ব্যবসায়ীর মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।