জাপানের উপহার-ঐতিহ্য নিয়ে প্রদর্শনী

জাপানের উপহার-ঐতিহ্য নিয়ে ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রদর্শনী। এতে স্থান পেয়েছে ৯০টি অনন্য নিদর্শন ও শিল্পকর্ম। যার মধ্যে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নিদর্শনও রয়েছে।

বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪-১৩ ফেব্রুয়ারি এই প্রদর্শনীর আয়োজন করেছে জাপান ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ঢাকায় জাপান দূতাবাস ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।

গতকাল শনিবার প্রদর্শনীর নবম দিনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা) ড. শিহাব শাহরিয়ার।

আয়োজকরা জানায়, জাপানের মানুষ উপহার দিতে এবং পেতে পছন্দ করে। জাপানের সংস্কৃতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন। আজ রবিবার প্রদর্শনীটি শেষ হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ৫০ বছর আগে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই জাপান বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে আসছে। প্রতিমন্ত্রী এসময় দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বন্ধুপ্রতিম দুদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বন্ধন আরও জোরালো হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, মূলত বাংলাদেশের সঙ্গে জাপানের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপন করতেই এই প্রদর্শনী।