কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক। এ বিচারটি শেষ করা উচিত। আমাদের এটি একটি ব্যর্থতা।’
গত শুক্রবার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপিকে উদ্দেশে করে কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সেই আগের মতোই বলছে। তারা নির্বাচন করবে না, সুষ্ঠু নির্বাচন হবে না, নানা রকম তিরস্কারমূলক এবং কটু মন্তব্য করছে। তারা একই কথা বারবার ঘুরিয়ে বলছে। তাদের মূল কথাটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। আমিও তাদের বলতে চাই, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না।’ নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। এটা সরকারের কোনো দায়িত্ব নয়। নির্বাচনকালীন যে সরকার থাকবে, তাদের তেমন কোনো ক্ষমতা থাকবে না। তবে ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের।’