বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক এখনো থামেনি। স্থগিত হওয়া সাধারণ সম্পাদকের পদ নিয়ে ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির কথা থাকলেও তা পিছিয়েছে। ফলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি, সোমবার।
জানা যায়, নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ। নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হয়, এরপর আপিল বোর্ডে আবেদন করলে পুনরায় ভোট গণনাতেও জয়ী হন জায়েদ। এরপর জায়েদের বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করে দেন। ১৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।