নেত্রকোনায় নারীকে ছুরিকাঘাতের ঘটনায় সাবেক স্বামী আটক

নেত্রকোনায় রানী আক্তারকে (২৫) ছুরিকাঘাত করার ঘটনায় সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

অভিযুক্ত মোজাম্মেল হক মোহনগঞ্জ উপজেলার কলুঙ্কা গ্রামের বকুল খানের ছেলে। তিনি ভুক্তভোগীর সাবেক স্বামী ও সম্পর্কে মামাতো ভাই।

ভুক্তভোগী ওই নারী মোজাম্মেলকে ডিভোর্স দিয়ে গত তিন মাসে আগে দ্বিতীয় বিয়ে করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মোজাম্মেল হক শনিবার সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। ওই রাতেই তাকে দুর্গাপুরের বিরিশিরি এলাকা থেকে আটক করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের সম্পন্ন শেষে আজ (রবিবার) বিকেলে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।

গত শুক্রবারে ভুক্তভোগীকে তার দ্বিতীয় স্বামী ঢাকা থেকে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় ছোট বোনের বাসায় রেখে যান। পরে শনিবার সকাল ১০টার দিকে প্রথম সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য সাবেক স্বামী চেষ্টা চালায়। তাতে রানী আক্তার অস্বীকৃতি জানালে তাকে ছুরি দিয়ে পিঠে, গলায় ও কানের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান।