ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফাঁস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার সঙ্গে কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, অবশ্যই এটার তদন্ত হবে। যারা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে, একটা ইনোসেন্ট কনভারসেশনকে তারা এখন তাদের পুঁজি বানানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে, তাদের কাছে কোনো হাতিয়ার নেই।

তিনি বলেন, ব্যাপারটা হচ্ছে, আমি একজন উপদেষ্টার টেলিফোনের উত্তর দিচ্ছিলাম। তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছেন এবং সেখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট, যেটা হচ্ছে তার ব্রেইন চাইল্ড- ইনফো সরকার প্রজেক্টটা তার ব্রেইন চাইল্ড, সেটা নিয়ে আলাপ হয়েছে।

আনিসুল হক বলেন, এখন এই দেউলিয়া যারা, তারা এটা নিয়ে প্রচার করছে। আমার মনে হয়, এটা তো তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।