ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং ২০২২

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নর্থ সাউথ

ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি। এ ছাড়া বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত তালিকায় রয়েছে চতুর্থ স্থানে।

স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিএক্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চশিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে ওয়েবমেট্রিক্স। এই র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করেছে ওয়েবমেট্রিক্স।

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), কিউএস গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি র‌্যাঙ্কিং ২০২২ এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে একমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিই এ মাইলফলক অর্জন করেছে।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং- এশিয়া ২০২২’ এ নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গর্বের সঙ্গে তার অবিসংবাদিত প্রথম স্থান ধরে রেখেছে এবং এশিয়ার সকল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ২১৫ তম স্থান অর্জন করেছে।

এ ছাড়া সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।