পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথেই নিজেকে সরিয়ে নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ফলে সামনের ম্যাচগুলোতে আর তাকে পাচ্ছে না কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
লাহোরে শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের দেওয়া ২০০ রান তাড়া করে জয় তুলে নেয় কোয়েটা। আফ্রিদি ব্যাটিংয়ে নামার আগেই জয় তুলে নেয় তার দল। তবে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তিনি। ৪ ওভার বল করে ২৭ রান খরচায় ২ উইকেট নেন ৪১ বছর বয়সী তারকা।
তবে এমন জয়ের পরই ধাক্কা খায় কোয়েটা। শরীরে প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে আফ্রিদি বিদায় বলে দেন পিএসএলকে।
ভিডিও বার্তায় আফ্রিদি জানান, খেলা চালিয়ে যেতে তার শরীর আর সায় দিচ্ছে না। বলেন, ‘পুরোনো একটা চোট কাজটা খুবই কঠিন করে তুলেছে। এটি যে ব্যথা তৈরি করছে তা অসহনীয় হয়ে উঠছে, যা আমি সহ্য করতে পারছি না।’
করোনা আক্রান্ত হওয়ায় আসরের শুরু থেকে খেলতে পারেননি আফ্রিদি। চোট সমস্যাও ছিল। শেষটাও করতে হলো দ্রুত। মাঝ পথেই শেষ করতে হচ্ছে বলে কোয়েটা গ্ল্যাডিয়েটরস চেয়ারম্যান নাদিম উমর এবং ভক্তদের প্রতি ক্ষমা প্রার্থনাও করেছেন আফ্রিদি।
জানান, চোটটা ১৫ বছর ধরে বয়ে বেড়াচ্ছেন তিনি। এবারের আসরের শুরু থেকেই চোট ভোগাচ্ছিল। তবে গত রাতে সেটা এতটাই বেড়ে যায় যে আর চালিয়ে নেওয়ার সাহস পাচ্ছেন না।
প্রায় ৫ বছর আগে নিজের সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আফ্রিদি। তবে পিএসএলের অংশ ছিলেন শুরু থেকেই। প্রথম মৌসুমে জালমিকে নেতৃত্ব দেন তিনি। পরের পর ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ের অংশ ছিলেন।
আফ্রিদি বলেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু শরীর সবার আগে।’ আফ্রিদি এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এবং কাশ্মীর প্রিমিয়ার লিগের জন্য নিজেদের তৈরি করবেন।
এদিকে আফ্রিদির জন্য শুভ কামনা জানিয়েছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। যার সঙ্গে শহিদ আফ্রিদির মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। হবু শ্বশুরের টুইটটি রিটুইট করে শাহিন লিখেন, ‘পিএসএল আপনার শূন্যতা অনুভব করবে। আপনি পাকিস্তানের গর্ব। দ্রুত সেরে উঠুন।’