বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। তবে প্লে-অফ পর্বে সীমিত পরিসরে দর্শক ফেরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সংস্থার অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভির আহমেদ টিটু।
সোমবার শুরু হতে যাওয়া প্লে-অফ পর্বে ৩ থেকে ৪ হাজার দর্শক শর্ত মেনে মাঠে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে সবার করোনার টিকার ডাবল ডোজ নেওয়া থাকতে হবে। সনদ দেখিয়ে প্রবেশ করতে হবে মাঠে।
তবে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি হবে না। বিসিবির অংশীদার ও বিপিএল ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরাই কেবল খেলা উপভোগ করার সুযোগ পাবে।
এ প্রসঙ্গে তানভির আহমেদ টিটু বলেন, ‘আমরা যদি বাইরে টিকেট বিক্রি করতে চাই, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কোভিড প্রটোকল মানাটা মুশকিল হয়ে যাবে। যে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে, টিকিট ওভাবে বিক্রি না করে ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে বিক্রি করছি।’
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য তিন শ করে টিকিট বরাদ্দ রয়েছে বলে খবর। এই অল্প টিকিট ফ্র্যাঞ্চাইজিগুলো বাইরে বিক্রি করবে না। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ও তাদের স্বজনদের মধ্যেই এগুলো বণ্টন করে দেওয়া হবে।
তানভির আহমেদ টিটু জানিয়েছেন, আসছে আফগানিস্তান সিরিজেও মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।
করোনা পরবর্তী ‘নিউ নরমাল’ সময়ে গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে দর্শক ফেরায় বিসিবি। তবে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিপিএলের লিগ পর্ব করা হয় দর্শকশূন্য গ্যালারিতে।