ঢাকায় পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু

ইসলামি বিপ্লবের ৪৩ তম বিজয়বার্ষিকী উপলক্ষে ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী।

রবিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়, চলবে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রথম দিন দেখানো হয়েছে বাংলায় ডাবিংকৃত ইরানি চলচ্চিত্র ‘বডিগার্ড’। এটি পরিচালনা করেছেন ইব্রাহিম হাতামি কিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের চলচ্চিত্র পরিচালক মর্তুজা অতাশ জমজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সবুর খান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশীদ। সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত।

বক্তারা বলেন, ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে বিগত বছরগুলোতে ইরানের চলচ্চিত্র শিল্প বিশ্বের চলচ্চিত্র জগতে দর্শক ও বোদ্ধাদের কাছে একটি নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বের অধিকাংশ চলচ্চিত্র নির্মাতা যখন জৈবিক আকর্ষণকে বাণিজ্যিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে অতি সহজে দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তখন ইরানের চলচ্চিত্র নির্মাতারা পেশাগত দক্ষতা ও নান্দনিক শিল্পকর্মকে কাজে লাগিয়ে এবং সামাজিক, চারিত্রিক ও মানবিক মূল্যবোধগুলোকে ব্যবহার করে চলচ্চিত্র জগতে দর্শকের কাছে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন।

তারা বলেন, শক্তিশালী চিত্রনাট্য, অসাধারণ ও অভূতপূর্ব অভিনয়, কলাকুশলীর মনকাড়া আবেদন ছাড়াও বিশ্বমানের কারিগরি কৌশলের কারণে বিশ্বের সর্বত্র ইরানি সিনেমা ব্যাপকভাবে দর্শক সমাদৃত হচ্ছে। পুরস্কৃত হচ্ছে শীর্ষ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে আলোচিত ও সম্মানজনক পুরস্কার অস্কার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ঘরে তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি।

সোমবার দ্বিতীয় দিন দেখানো হবে ‘চোর পুলিশ (বাংলায় ডাবিংকৃত), পরিচালক গোলাম হোসাইন লুতফি। তৃতীয় দিন দেখানো হবে ‘জীবনসংগ্রাম (বাংলায় ডাবিংকৃত), পরিচালক শাপুর ঘালিব। চতুর্থ দিন দেখানো হবে ‘সো ফার সো ক্লোজ (ইংরেজি সাব-টাইটেলযুক্ত), পরিচালক রেযা মীর কারিমী এবং সমাপনী দিনে দেখানো হবে ‘টুডে (ইংরেজি সাব-টাইটেলযুক্ত), পরিচালক রেযা মীর কারিমী।