ফ্রান্সে ফ্রিডম কনভয় থেকে গ্রেপ্তার ৫৪

কানাডা, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের পর এবার ফ্রান্সেও করোনা বিধির বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ বিক্ষোভ শুরু হয়েছে। গত শনিবার শত শত গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীরা প্যারিসে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দিয়েছে পুলিশ। কমপক্ষে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

আগে থেকেই ‘ফ্রিডম কনভয়’ বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ফ্রান্স কর্র্তৃপক্ষ। তবে সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার গাড়িবহর নিয়ে প্যারিসে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জি রাল্ড ডারমানিন বলেন, তিন শতাধিক বিক্ষোভকারীকে জরিমানা করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৫৪ জন। বিক্ষোভকারীদের ঠেকাতে তিন দিনের জন্য সাত হাজারের বেশি কর্মকর্তাকে নিয়োজিত রেখেছে কর্র্তৃপক্ষ।