আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের হাতে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক বন্দি রয়েছেন। গত শনিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেনের সরকার। তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে বন্দি রয়েছেন, তা উল্লেখ করা হয়নি। অবশ্য নাগরিকদের বন্দি থাকার বিষয়টি ইতিমধ্যেই তালেবানের কাছে উত্থাপন করেছে ইউরোপের এ দেশটি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নাগরিকদের বন্দি রাখার ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিবৃতিটি এমন এক সময়ে এএফপির হাতে এলো, যখন এক দিন আগেই দুজন বিদেশি সাংবাদিককে মুক্তি দিয়েছে তালেবান শাসকগোষ্ঠী। সদ্য মুক্তি পাওয়া এই দুই সাংবাদিকের একজন সংবাদমাধ্যম বিবিসির সাবেক কর্মী।
শনিবার দেওয়া ওই বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের পরিবারকে আমরা সব ধরনের সহায়তার চেষ্টা করছি। তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে বন্দি এবং তালেবান বা অন্য কোনো গোষ্ঠী তাদের আটক রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নাগরিকদের আটক থাকার বিষয়টি তালেবানের সঙ্গে হওয়া সব সাক্ষাতেই উত্থাপন করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। এমনকি চলতি সপ্তাহে একটি ব্রিটিশ প্রতিনিধদল আফগানিস্তানে গিয়েও তালেবানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।’