খুলনা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবি করে বিক্ষোভ, কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলিল লেখকরা। খুলনা জেলা দলিল লেখক সমিতির ব্যানারে জেলা রেজিস্ট্রি কার্যালয়ের সামনে গতকাল রবিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১১ উপজেলার দলিল লেখকরা অংশ নেন।
এ সময় খুলনা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অসদাচরণ, হয়রানিসহ বিভিন্ন অভিযোগ করেন দলিল লেখকরা। তারা বলেন, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে প্রতি লাখে রেজিস্ট্রার ২ শতাংশ (২ হাজার টাকা) করে ঘুষ গ্রহণ করেন।
খুলনা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ বাহাউদ্দিন অভিযোগ করেন, খুলনা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকারের ছত্রচ্ছায়ায় অন্যান্য উপজেলার সাব-রেজিস্ট্রাররাও ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ঘুষ ছাড়া কোনো দলিল তারা রেজিস্ট্রি করছেন না। জেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ মো. আলমগীর হোসেন বলেন, জেলা রেজিস্ট্রারের অপসারণের দাবিতে সোমবার (আজ) পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) খুলনার সব সাব-রেজিস্ট্রি অফিসে কর্মবিরতি পালিত হবে।
খুলনা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খুলনা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ বাহাউদ্দিন একটি হত্যা মামলায় কারাগারে যাওয়ায় (এখন জামিনে) আইন অনুযায়ী তার লাইসেন্স স্থগিত করা হয়। যে কারণে তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’