মাদ্রাসায় কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

এবার এইচএসসি সমমান আলিম পরীক্ষায় গত বারের চেয়ে পাসের হার ৫ শতাংশ কমেছে। এ বছর পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ; যা আগের বছর ছিল শতভাগ। তবে আলিম পরীক্ষায় জিপিএ ৫-এর সংখ্যা কিছুটা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন। আগের বছর পেয়েছিল ৪ হাজার ৪৮ জন।

গতকাল রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২১ সালের উচ্চমাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

মাদ্রাসা বোর্ডের অধীনে ১ লাখ ৬ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৬৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭২, যা গত বছর ছিল ৪ হাজার ৪৮ জন। এবার জিপিএ ৫ পাওয়ার হার ৪ দশমিক ৫৭ শতাংশ। গত বছর অটোপাস হওয়ায় শতভাগ পাসের হার হলেও এবার পাসের হার কমে ৯৫ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।

মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে ২ হাজার ৬৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে এক হাজার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।