রাজশাহী নগরীতে মাদক কারবারির হাঁসুয়ার কোপে আতিকুর রহমান নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে আহত অবস্থায় হামলাকারী আমিনুল ওরফে দুখুকে আটক করে পুলিশ।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে নগরীর ডাসমারি এলাকায় এ ঘটনা ঘটে। আতিকুর রহমান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মাদক উদ্ধারে দুখুর বাড়িতে অভিযানে গেলে তিনি পুলিশের ওপর হাঁসুয়া দিয়ে আক্রমণ করেন। এতে আতিকুরের হাতের দুটি আঙুল কেটে আহত হয়। ধস্তাধস্তিতে দুখুও আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটক করেন। পুলিশ হেফাজতে একই হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, হেরোইন ও হাঁসুয়া জব্দ করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য উদ্ধারের দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।