ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে গণপিটুনিতে হত্যা

মধ্য পাকিস্তানে পবিত্র কোরআনের পাতা ছেঁড়ার অভিযোগে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। দেশটিতে ধর্মীয় অবমাননা সম্পর্কিত সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।

শনিবার এই ঘটনা ঘটে পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলায়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডর অভিযোগে ৮০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ছিনিয়ে নেওয়ার আগে নিহত লোকটি পুলিশের হেফাজতে ছিল। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রবিবার তার দাফন সম্পন্ন হয়।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, মামলাটি ‘আইনের সম্পূর্ণ কঠোরতার সঙ্গে মোকাবিলা করা হবে’। লোকটিকে বাঁচাতে দায়িত্বে ব্যর্থতার জন্য অভিযুক্ত পুলিশ অফিসারদের বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন তিনি।

পুলিশ কর্মকর্তা মুনাওয়ার হুসেইন রয়টার্স নিউজ এজেন্সিকে জানান, ৪০-এর কোঠার ওই লোককে লাঠিসোঁটা, কুড়াল, লোহার রড নিয়ে হত্যা করে গ্রামবাসীরা এবং তার মরদেহ গাছে ঝুলিয়ে দেয়।

যেখানে ঘটনাটি ঘটেছে, সেই তুলাম্বা পুলিশ স্টেশনের প্রধান মুনাওয়ার গুজ্জার এপি নিউজ এজেন্সিকে জানান, নিহত ওই লোক গত ১৫ বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক শ্রীলঙ্কান ফ্যাক্টরি ম্যানেজারকে ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে মেরে ফেলার প্রায় দুই মাস পর এই ঘটনা ঘটল।

পাকিস্তানে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে সমালোচকদের মতে, এই আইন সংখ্যালঘু ধর্মের ওপর নিপীড়ন করতে এবং অন্যায়ভাবে তাদের লক্ষ্যবস্তু বানাতে ব্যবহার করা হয়।