চুয়াডাঙ্গা শহরতলীর তালতলা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ২৬ দিন পর শিশু আবু হুরায়ার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিনগত রাত ১টার দিকে তালতলা গ্রামের কবরস্থানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত এবং মুখ বাঁধা অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর কবরের মধ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল তাকে।
পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই অভিযান চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি দুইজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিতে রাতে কবরস্থানে অভিযান চালানো হয়। পরে কবরস্থানের ভেতর থেকে শিশুটির অর্ধগলিত মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি বলেন, অপহরণ করে শিশু আবু হুরায়রাকে শ্বাসরোধে হত্যার পর কবরস্থানের ভেতর মাটি চাপা দিয়ে রাখা হয়। পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ১৯ জানুয়ারি বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ওই প্রাইভেট শিক্ষকসহ ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন শিশুটির বাবা আব্দুল বারেক।
মামলার আসামি প্রাইভেট শিক্ষক রনজু ও তার ভাই মনজুকে গ্রেপ্তার করে পুলিশ।