সারের মূল্য বৃদ্ধি নিয়ে উভয়সংকট: কৃষিমন্ত্রী

সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বিষয়ে সরকার উভয়সংকটে আছে বলে জানালেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সোমবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিশাল ভর্তুকির চাপ সামাল দিতে গিয়ে এ অবস্থা।

তিনি বলেন, সারের দাম বৃদ্ধি পেলে খাদ্যদ্রব্যের মূল্যও বেড়ে যাবে, আবার ভর্তুকি না কমালে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ সংকট দেখা দেবে। এ কারণেই সরকার উভয়সংকটে আছে।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, 'সারের মূল্য বৃদ্ধির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত। এটা নিয়ে কী করা যায় সেটা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।'

এ বছর সারে ভর্তুকি বাবদ ৯ হাজার ৫০০ কোটি টাকা আছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সারের দাম বৃদ্ধি কারণে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে— এ তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ কারণে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি কমানোর জন্য চাপ দিচ্ছে।’

গত বছরের শেষ থেকে সারের ভর্তুকি ও মূল্য বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে। কারণ কেবল সারে বিশাল পরিমাণ ভর্তুকি দিলে বাজেট ব্যবস্থাপনায় ভীষণ চাপে পড়তে হবে সরকারকে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ছিল, ভর্তুকির পরিমাণ আরও বাড়লে সার্বিকভাবে বাজেট ব্যবস্থাপনা জটিল আকার ধারণ করবে। কিন্তু ডিসেম্বরে কৃষি মন্ত্রণালয়ের সূত্রগুলো সংবাদমাধ্যমকে জানিয়েছিল, খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার এখনই সারের দাম বাড়াবে না।