যশোর সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

বিজিবির খুলনা ব্যাটালিয়নের অভিযানে পুটখালী সীমান্ত থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮৯১ গ্রাম (৩৩৩.৫৯০ ভরি) ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সোমবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, পদাতিক এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা কেষ্টপুর গ্রামের পাকা রাস্তার উপরে তল্লাশি চালায়। এ সময় দু'জন মোটরসাইকেল আরোহীকে (স্বর্ণ পাচারকারী দলের সদস্য) আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৫) এবং আজিজুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।

জব্দ স্বর্ণের বার এবং অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য দুই কোটি উনপঞ্চাশ লাখ একান্ন হাজার নব্বই টাকা।

আটকদের বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।