শিফট, যে শহরে টাকা উড়ে, পলিটিকস, অপরুপা, আপনার ছেলে কী করে, ট্রল- খ্যাত সময়ের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার এবার নিয়ে এলেন রহস্য থ্রিলার ‘লোহার তরী। ১৪ ফেব্রুয়ারি, দুপুর ২টায় আই থিয়েটারে ওয়েব ফিল্মটি প্রকাশিত হয়। এটির গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয়।
নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘লোহার তরী’ নির্মিত হয়েছে থ্রিলার গল্পে। ১৪ ফেব্রুয়ারি দুপুরে মুক্তি পেয়েছে এটি। এখানে অনেক রহস্য আছে, ঝুঁকি আছে। সেটা দর্শকেরা দেখার পরই বুঝতে পারবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
ওয়েব ফিকশনটি নিয়ে এর আগে তানজিন তিশা বলেছিলেন, ‘সঞ্জয় দাদার সঙ্গে কাজ করতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। উনি যখন আমাকে গল্পটা শোনালেন তখন দেখলাম যে, এটা ফিমেল বেইজড একটা গল্প এবং খুবই চমৎকার। গল্প, চরিত্র পছন্দ হওয়া আর নির্মাতার জন্যই কাজটি করা। এই কাজটি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। টানা লঞ্চের মধ্যে শুটিং করেছি। একটা দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানি না, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব সহজ কাজ নয়। সাঁতার কেটে ডান দিকে আসতে চাইলে স্রোত আমাকে বামদিকে নিয়ে যেত। আমিতো একপর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! এটা আমার জন্য খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিল। তারপরও আমি চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে। ওইটার একটা ছোট ভিডিও দেখেছি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটার কারণে হয়তো কাজটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে অনেক। তবে আমি অনেক আশাবাদী কাজটি নিয়ে। আমার বিশ্বাস কাজটি দর্শকের ভালো লাগবে।’
তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।