আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে নিয়ে রবিবার দুবাইয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকা ও আবুধাবির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয়।
আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের আমন্ত্রণে মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি সফরে যাবেন।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনরুল্লেখ করেন। তারা দু’দেশের জনগণের পারস্পারিক স্বার্থে সহযোগিতার সকল ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গভীরতর রাজনৈতিক যোগাযোগের পারস্পারিক অঙ্গীকারের পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে সহযোগিতা, আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি- বিশেষ করে দু’দেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সরাসরি জাহাজ চলাচল যোগাযোগ এবং সরাসরি মালবাহী বিমান চলাচল ও অবাধ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে পারস্পারিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
সমন্বিত অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, আইসিটি, এলওটির ওপর আলোকপাত করে তারা বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
ড. মোমেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের কারণে দেশে যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সে ব্যাপারে ব্রিফ করেন এবং এই সংকটের দ্রুত সমাধানের জন্য ইউএই’র অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ৫০তম বার্ষিকীতে ইউএই’র নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানান এবং বিগত পাঁচ দশকে দেশটির অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ ও ইউএই’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু বিশেষ আয়োজন করার ব্যাপারে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন।
ড. মোমেন ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ইউএই-তে এক দ্বিপক্ষীয় সফরে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
আবুধাবি সফরকালে ড. মোমেন আইআরইএনএ’র মহাপরিচালকের সঙ্গে দেখা করেন এবং দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ টুরিজম বোর্ড আয়োজিত দুবাই এক্সপো-২০২০’তে সেমিনার, আবুধাবিতে এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেমিনারসহ বেশ কয়েকটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
এছাড়াও তিনি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।