হেডফোন লাগিয়ে বাড়ি ফিরছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় মো. রকি (২০) ও সাকিব হোসেন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার বিষ্ণুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রকি উপজেলার চংধুপল ইউনিয়নের ইসলামপুর গ্রামের রেজার ছেলে ও সাকিব হোসেন একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে দুই বন্ধু রকি ও সাকিব কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোন টিপতে টিপতে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এক সময় গোপালপুর পৌরসভার বিষ্ণপুর নামক স্থানে পৌঁছালে রাজশাহী হতে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে রকির মৃত্যু হয় এবং সাকিবের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।