রাবিতে হিমেল স্মরণে ‘প্রেম বঞ্চিত সংঘর’ রক্তদান কর্মসূচি

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্মরণে ক্যাম্পাসে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রেম বঞ্চিত সংঘর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিও করে তারা।

গত পয়লা ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে ট্রাকচাপায় মারা যান হিমেল। তিনি চারুকলার শিক্ষার্থী ছিলেন। তার স্মরণে সোমবার সকালে ক্যাম্পাসে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স রক্তদান কর্মসূচি পরিচালনা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত বিশজন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। পরে ক্যাম্পাসের আশে-পাশের এলাকার বেশ কয়েকজন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল, আলু বিতরণ করা হয়।

 

 

রক্তদান কর্মসূচি নিয়ে প্রেম বঞ্চিত সংঘর সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে রক্তদানের পাশাপাশি আমরা হিমেলকেও স্মরণ করছি। অনেক সময়ই রক্তের জন্য অনেককেই ছোটাছুটি করতে হয়। আমরা চাই না রক্তের অভাবে কেউ মারা যাক।

তিনি বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন যারা তিন বেলা ঠিকমতো খেতে পায় না। আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। এ সময় তিনি অসহায় মানুষদের সেবায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।