বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। আফগানদের ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। মার্চে হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে।
পাঁচ পরিবর্তন নিয়ে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে আফগানিস্তানের নির্বাচকেরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা পাঁচ ক্রিকেটার নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে। তাদের মধ্যে আসগর আফগান অবসর নিয়েছেন।
বাদ পড়া অন্য খেলোয়াড়েরা হলেন— গুলবাদিন নাঈব, মোহাম্মদ শেহজাদ, হাসমতউল্লাহ, হামিদ হাসান জাজাই ও নাভিন উল হক। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন দারবিশ রাসোলি, আজমতউল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কায়েস আহমেদ ও নিজাত মাসুদ।
ওয়ানডে স্কোয়াডে নেই ওসমান ঘানি ও ইব্রাহিম জাদরান। তবে অন্তর্ভূক্ত হয়েছেন নবী ও ইব্রাহিম জাদরান। সলিম সফি ও কায়েস আহমেদ আছেন রিজার্ভ দলে। ওয়ানডেতে আফগানদের নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহীদি।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকী, গুলবাদিন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসোলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নিজাত মাসুদ, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সরফউদ্দিন আশরাফ ও উসমান ঘানি।