চট্টগ্রামের ফটিকছড়িতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক জিপের চালক মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে নগরীর বায়জিদ থানার অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ফটিকছড়ির উপজেলার ভূজপুর এলাকায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘জিপের ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি ফটিকছড়ি থেকে পালিয়ে নগরীর অক্সিজেন এলাকায় অবস্থান নিয়েছিলেন।’
এর আগে গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রীকে চাপা দেয় জিপটি। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হন। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিশু আকতার (১৬) দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল কালামেন কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।