ভালোবাসা দিবসে নতুন প্রেমিককে নিয়ে হাজির শবনম ফারিয়া

দীর্ঘদিন প্রেমের পর  হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। গত বছর নভেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর সিঙ্গেল লাইফই উদ্‌যাপন করছিলেন শবনম ফারিয়া। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি প্রেম করছেন। ভালোবাসা দিবসে সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন তিনি নিজেই। নতুন প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমার টিজার প্রকাশের মতো তার প্রেমের টিজারও প্রকাশ করেছেন। প্রেমিকের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন।  তবে চেহারার পুরোটা বুঝতে দিলেন না।

ভালোবাসা দিবসে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন ফারিয়া। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে এক যুবকের কোমরে হাত রেখেছেন ফারিয়া। যুবকটিও শবনম ফারিয়াকে কোমরে ধরে কাছে টেনে নিয়েছেন। সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে এভাবে দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টি বিনিময় করছেন। ছবির দু’জনের একজন শবনম ফারিয়া সেটা স্পষ্ট। সমুদ্রতীরে অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আছেন তারা।  ফারিয়া এই শর্ট ভিডিও ক্যাপশনে লিখেছেন  ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেখানেই যাও যেখানে তোমার আত্মার খোরাক পাবে। ’ ভিডিওর এক কোণে আরো লিখেছেন, ‘এখন ভালোবাসার মৌসুম, তোমরাও নিজের ভালোবাসা প্রকাশ করো।’