সার্চ কমিটির বৈঠকে অংশ নেবেন না বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
সোমবার দেশ রূপান্তরকে শওকত মাহমুদ নিজেই এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাকে বৈঠকে ডাকার কথা শুনেছি। তবে চিঠি পাইনি। আর চিঠি পেলেও আমি তাদের বৈঠকে যাব না। কারণ আমি তো সার্চ কমিটির বিরুদ্ধে।’
শওকত মাহমুদ আরো বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে তার অধীনে যাকেই ইসিতে নিয়োগ দেওয়া হোক তার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমরা আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই।’
মঙ্গলবার ৮ সাংবাদিকের সঙ্গে বসবে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
যে সাংবাদিকদের ডাকা হয়েছে তারা হলেন- নিউ এজ সম্পাদক নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।