চার নতুনে ওয়ানডে দল

জিম্বাবুয়ের সঙ্গে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়লেন ৭ জন। তাদের জায়গায় সুযোগ পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা ৪ জন। সঙ্গে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আফগানিস্তানের বিপক্ষে ১৫ জনের ওয়ানডে দল দিয়েছে বিসিবি। সাদা পোশাকে ভালো পারফরমেন্সের পুরস্কারস্বরূপ প্রথমবার রঙিন পোশাকে ডাক পেলেন এবাদত হোসেন, ইয়াসির আলি ও মাহমুদুল হাসান জয়। ওয়ানডেতে প্রথম নাসুম আহমেদ।

নতুনদের সুযোগ পাওয়াটা সাম্প্রতিক পারফরম্যান্সের ফসল। এবাদত-জয়-ইয়াসির তিনজনই নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলে সুযোগ পেলেন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘মূলত লাল বলের খেলোয়াড় হলেও এবাদতকে আমরা সাদা বলের ক্রিকেটে চিন্তা করছি। কারণ সে আমাদের পেস বোলিং ইউনিটের সঙ্গে যেভাবে কাজ করছে তাতে ওরা বেশ ইমপ্রেসড, আমরাও ইমপ্রেসড। জয় যে স্টাইলে ব্যাট করে, আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমাদের মিডল অর্ডারে, যখন যেখানে টিম ম্যানেজমেন্ট মনে করে ওকে ব্যবহার করতে পারব। একই সঙ্গে ইয়াসির আমাদের চিন্তায় দীর্ঘদিন ছিল, ওকেও আমরা লম্বা সময়ের জন্য ভাবছি।’

ওয়ানডে দল

আগের সিরিজ থেকে আছেন- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। নতুন যুক্ত- নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়। বাদ পড়েছেন- নাঈম শেখ, তাইজুল, রুবেল, মোসাদ্দেক, সাইফউদ্দিন, সোহান, মিঠুন।