বিদায়ী ইসিকে বিচারের সম্মুখীন করার দাবি রবের

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের অভিযোগ তুলে বিদায়ী নির্বাচন কমিশনকে (ইসি) বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে রব বলেন, ‘সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা ও লঙ্ঘনের মাধ্যমে ইসি রাতের আঁধারে ভোট সম্পন্ন করেছে। তারা সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দিয়েছে। এ কারণে তারা অপরাধী। অপরাধী হয়েও নিরাপদে প্রস্থান করা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। সংবিধান লঙ্ঘনের দায়ে ইসিকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যেকোনো প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে উৎসাহিত হবে এবং এ প্রবণতা ভবিষ্যতেও সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে।’