মেট্রোরেলের ৮ম চালানের বগি ইঞ্জিন মোংলাবন্দরে

মেট্রোরেলের আরও আটটি কোচ/বগি ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলাবন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি হরিজন-৯।

গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে অষ্টম চালানের এ মালামাল নিয়ে গতকাল সোমবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, গতকালের অষ্টম চালানের মধ্যে রয়েছে আটটি কোচ ও চারটি ইঞ্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্রিক টন ওজনের মেশিনারি সরঞ্জামাদি। তিনি আরও বলেন, গতকাল দুপুর থেকেই এ মালামাল খালাস শুরু হয়েছে। এরপর নদীপথে এসব নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলাবন্দর কর্র্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত আটটি চালানে মেট্রোরেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইঞ্জিন এসেছে। এর আগে সাতটি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।