বিএনপি সার্চ কমিটির সব ধরনের কার্যক্রম প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে জমা পড়া প্রস্তাবিত নাম প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।
রিজভী বলেন, ‘আগে নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ও গুণী ব্যক্তিদের নাম প্রস্তাব করা হতো। আর এখন নির্বাচন কমিশনের দায়িত্ব পেতে মিছিল নিয়ে সার্চ কমিটিতে যায় অনেকে।’
‘এরা নির্বাচন কমিশনের দায়িত্ব পেলে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হুমকিতে পড়বে’ যোগ করেন তিনি।
বিএনপি মুখপাত্র আরও বলেন, কে এম নূরুল হুদা কমিশন দিনের ভোট রাতে আর বিনা ভোটে এমপি করার নতুন মডেল তৈরি করেছে।
তিনি বলেন, ‘দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সরকার দায়ী। এদের কাছ থেকে গণতন্ত্র আশা করা যায় না।’