দুজনের বুদ্ধিতে অল্পের জন্য রক্ষা পেল ৮৫০ রেলযাত্রী

রাজশাহীতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন। দুই ব্যক্তির তাৎক্ষণিক বুদ্ধিতে হতাহতের ঘটনা থেকে বেঁচে গেছেন প্রায় সাড়ে আটশো রেলযাত্রী।

মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় দুই ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে লাল গামছা টাঙিয়ে ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।

তারা হলেন- জিয়াউর রহমান ও হাবলু মিয়া।

রাজশাহী রেল কর্তৃপক্ষ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটিতে প্রায় সাড়ে আটশো জন যাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, এদিন সকাল সাড়ে সাতটার দিকে জিয়াউর রহমান ও হাবলু মিয়া রেললাইনের পথ দিয়ে কৃষি কাজে যাচ্ছিলেন। এ সময় তারা লাইনের এক অংশে ভাঙা দেখতে পান। সকালে রেললাইন দিয়ে অনেক ট্রেন চলাচল করে। এ জন্য তারা তাৎক্ষণিকভাবে বুদ্ধি করে লাইনের মাঝখানে নিজেদের লাল গামছা টাঙিয়ে দেন।

এই লাল কাপড় দেখে বনলতা এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। প্রায় দুই ঘণ্টা পর রেল লাইন মেরামত করার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, স্থানীয় দুই ব্যক্তির বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস। লাইন মেরামত করার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, মেরামতের কাজ শেষ করার পর ৯টা ২১ মিনিটে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল লাইনে বারবার ত্রুটি দেখা দেয়ার কারণ জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার সকালে রাজশাহীর বাঘায় লাল কাপড় টাঙিয়ে দেন গেটম্যান লায়েব উদ্দিন। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি তিন শতাধিক যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিল।