আইইউবিএটি থেকে অক্সফোর্ড: মোহাম্মদ আলীর সাফল্যের যাত্রা

যুক্তরাজ্যের  অক্সফোর্ডে পাড়ি জমাচ্ছেন আইইউবিএটি স্নাতক সম্পন্ন করা মোহাম্মদ আলী। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই সশরীরে অক্সফোর্ডে যোগ দেবেন তিনি।

বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে মাস্টার অব সায়েন্স (বাই রিসার্চ) উইমেন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রামে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আলী।

তিনি ২০০৭ সালে কুমিল্লার বারুরা গ্রামের জালাম স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজিতে (আইইউবিএটি) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তি হন। স্নাতক শেষ করেই তিনি আইসিডিডিআর’বিতে শিক্ষানবিশ হিসেবে যুক্ত হন।

পরে মোহাম্মদ আলী এক বছর আইইউবিএটিতে লেকচারার হিসেবে যুক্ত থাকলেও উচ্চশিক্ষার জন্য সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ নিয়ে সুইডেনে পাড়ি জমান। সেখানে তিনি উপসালা বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করে। পড়াশোনার পাশাপাশি সহকারী গবেষক ও খণ্ডকালীন নার্স হিসেবে উপসালা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন তিনি।

আনামুল হক আর জাহানারা বেগমের ছেলে মোহাম্মদ আলীর শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে আইইউবিএটিতে। তিনি বলেন, ‘আইইউবিএটি এর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমুল্লাহ মিয়ান স্যারের কাছে আমি বিনীতভাবে কৃতজ্ঞ। আইইউবিএটি এর কলেজ অব নার্সিং এর সিনিয়র অ্যাডভাইসর ড. ক্যারেন ল্যান্ড এবং অধ্যাপক অ্যালেক্স বার্লান্ড স্যারদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার শিক্ষাজীবনের অনুসরণীয় অনুপ্রেরণা পেয়েছি তাদের থেকেই।’

উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আইইউবিএটি — ইন্টারন্যাশনাল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ১১টি প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। এছাড়াও এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীর পদচারণ আছে এই ক্যাম্পাসে। ২০২১ সালের ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে আইইউবিএটির অবস্থান দ্বিতীয়, আর বিশ্বের ৭৯টি দেশের ৯৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৯৪তম। ২০২১ সালে উরি (ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট) র‍্যাঙ্কিংয়ে নৈতিক মানের বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে আইইউবিএটি।