বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান

বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। তবে বাংলা গানের অনেক কীর্তি তিনি রেখে গেছেন শ্রোতাদের জন্য। তার একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে গাওয়া গান। 

বহু প্রাণ ও ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিদেশ সফরে যান ভারতের কলকাতায়। সেখানে এক সংবর্ধনায় এ গান গেয়ে শোনান সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গেও আন্তরিক সম্পর্ক ছিল সন্ধ্যার। ১ ৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ঢাকার খোলা কনসার্টে অন্যতম প্রথম বিদেশি শিল্পী হিসেবে গান গেয়েছিলেন তিনি। এ ছাড়া বাংলাদেশের মানুষ যখন কলকাতায় আশ্রয় নেয়, সেখানকার শরণার্থী শিবিরেও তিনি সহযোগিতা করেন। 

মঙ্গলবার নবতিপর এ শিল্পীর জীবনাবসান ঘটে। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি মহল হারাল সুরের জগতের অন্যতম মহীরূহকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে। নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও হেমপ্রভা দেবীর ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 

আধুনিক গানের কিংবদন্তি গায়িকা হলেও শাস্ত্রীয় সঙ্গীতে সমান দক্ষ ছিলেন সন্ধ্যা। পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক এটি কানন, অধ্যাপক চিন্ময় লাহিড়ীর কাছে গান শিখেছেন। পেয়েছেন উস্তাদ বড়ে গোলাম আলি খান ও তার পুত্র উস্তাদ মুনাওয়ার আলি খানের সান্নিধ্য ৷