বাংলাদেশের মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সদ্যপ্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের রয়েছে অনবদ্য অবদান। পাকিস্তানি শাসক বাহিনীর নিপীড়ন, নির্বিচার হত্যা থেকে রেহাই পেতে এক কোটি বাংলাদেশি শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। তাদের সাহায্যে পথে নামেন সন্ধ্যা মুখোপাধ্যায়। অন্যান্য শিল্পীদের সঙ্গে কলকাতার রাজপথে গণআন্দোলনে যোগ দেন সন্ধ্যা।

সেই সময়ে একাধিক দেশাত্মবোধক সঙ্গীতের নেপথ্যে কণ্ঠ ছিল তার।

শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি উপলক্ষে গেয়েছিলেন 'বঙ্গবন্ধু তুমি ফিরে এলে'। স্বাধীনতার পর ১৯৭১ সালে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে প্রথম বিদেশি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
মঙ্গলবার নবতিপর এ শিল্পীর জীবনাবসান ঘটে। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি মহল হারাল সুরের জগতের অন্যতম মহীরূহকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে। নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও হেমপ্রভা দেবীর ৬ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 

তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।