বনানীতে জি এম কাদের

ইসিকে ক্ষমতা না দিলে সুষ্ঠু নির্বাচন হবে না

নির্বাচন কমিশন গঠনে তালগাছটা যেন আমার না হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘শুরু থেকেই আমরা কমিশন গঠনে সহায়তা দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত একটি দলের চামচা দিয়ে নির্বাচন কমিশন গঠন হলে তা হবে হতাশাজনক। নির্বাচন কমিশনকে ক্ষমতা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমরা নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন আইন চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন গঠনে যে আইনটি হয়েছে তা হচ্ছে নতুন মোড়কে পুরনো জিনিস।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর ২৬টি থানার কমিটি ঘোষণা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।