বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক করে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি হবে ২২ ফেব্রুয়ারি। নিপুণের আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করে। আদালতে নিপুণের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান খান। জায়েদের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যূথী।