শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পারিবারিক কলহের জেরে শিশু পুত্রের সামনে মাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাতে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্বপাশে সরিষাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
নিহত শাহানাজ বেগম (৩৫) সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। তার এক ছেলে, এক মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে শাহানাজ বেগমের ১১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের পারিবারিক জীবন ভালোই কাটছিল।
সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে ওই দম্পতির মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো।
গতকাল সকালে রুবেল-শাহানাজ ও তাদের ছেলেমেয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় আবার ঝগড়া বাধে।
একপর্যায়ে ছেলে শিশু সোহানের (৯) সামনে রুবেল তার স্ত্রী শাহানাজের গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাজের লাশ উদ্ধার করে।
ছেলে সোহান বলেন, বাবা-মা ঝগড়া করতো। আমরা নানা বাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা আমার মায়ের গলা চেপে ধরে মেরে চলে যায়।
সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কি হয়েছিল। তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।