আদ্-দ্বীন হাসপাতালে বিনা মূল্যে প্রোস্টেট অপারেশন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে দরিদ্র রোগীদের বিনা মূল্যে বয়স্ক পুরুষদের প্রোস্টেট সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ সেবা কার্যক্রম চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের ২য় তলায় রোগী বাছাইয়ের পর অপারেশনের জন্য ভর্তি করা হবে। রোগী বাছাই কার্যক্রম চলবে ৩ মার্চ পর্যন্ত। রোগীর পরীক্ষা-নিরীক্ষা এবং থাকা-খাওয়ার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। রোগীকে শুধু ওষুধের খরচ বহন করতে হবে।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ যাচ্ছে। দরিদ্র রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে জন্য আদ্-দ্বীন হাসপাতালসমূহে বিনা মূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। মানবসেবার অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতালে বিনা মূল্যে প্রোস্টেট জনিত প্রস্রাবের সমস্যার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দরিদ্র রোগীরা আদ্-দ্বীন হাসপাতালে এসে বিনা মূল্যে এ সেবা নিতে পারবেন’।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডা. মো. আফিকুর রহমান বলেন, ‘প্রোস্টেট জনিত সমস্যায় অনেকে অর্থের অভাবে চিকিৎসা নিতে না পেরে কষ্ট ভোগ করেন। আমরা তাদের বিনা মূল্যে উন্নতমানের সেবা দিচ্ছি। আমি বিনা মূল্যে এ সেবা কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করি’।