বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানাবেন মন্ত্রী

করোনার কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানাতে বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে, সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় জাতীয় কমিটির। বৈঠকটি শুরু হয় রাত ১০টায়। শেষে হয় রাত ১১টার দিকে।

সূত্র জানায়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঠিক করতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানাতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সম্প্রতি বলেছে, দীর্ঘ ছুটির কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে।