ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন জনগণের খাল, জনগণের সম্পত্তি যারা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন স্বেচ্ছায় খালের জায়গা ছেড়ে দিয়ে চলে যান, আর নয়তো অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। খালের জায়গা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো জনগণের জায়গা। জনগণকে ফিরিয়ে দিন।
গতকাল বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল ও গাবতলী রিটেনশন পন্ড সীমানা নির্ধারণ এবং পিলার নির্মাণ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় ডিএনসিসির ২৯টি খাল ও গাবতলী রিটেনশন পন্ডের সীমানা নির্ধারণ এবং পিলার নির্মাণ করা হবে। এক বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড।
মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসন করতে হলে খালের স্বাভাবিক প্রবাহ ঠিক করতে হবে। তাই সীমানা নির্ধারণের পরপরই এর ভেতরে থাকা স্থাপনা দ্রুততার সঙ্গে উচ্ছেদ করা হবে এবং খালের প্রবাহ ফিরিয়ে আনা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ঢাকা শহরের সব খালের সীমানা নির্ধারণ করা হবে।’