সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্না নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন।
শাহনাজ পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের সৌদি আরব প্রবাসী ছুরক মিয়ার স্ত্রী। ওই গৃহবধূ দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর নিজস্ব বাসায় বসবাস করে আসছেন।
পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খণ্ডিত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।