মুসলিম নারীদের হিজাব পরিধান নিয়ে কটাক্ষ করলেন বিতর্কিত বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর।
বৃহস্পতিবার ভোপালের একটি মন্দিরে আয়োজিত সভায় তিনি বলেন, ‘যারা নিজেদের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাদেরই প্রয়োজন। তারা বাড়িতেই পরুন।’
প্রজ্ঞার দাবি, ‘প্রকাশ্যে হিজাব পরার কোনো প্রয়োজন নেই। কারণ, হিন্দু ধর্ম নারীদের পুজো করতে শেখায়।’
তবে মুসলিম ছাত্রীরা চাইলে ‘তাদের মাদ্রাসায়’ হিজাব পরতে পারেন বলে জানান মালেগাঁও বিস্ফোরণ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই বিজেপি সাংসদ।
তিনি বলেন, ‘হিজাব হলো পর্দা। যারা আপনাকে খারাপ চোখে দেখে, তাদের বিরুদ্ধে পর্দা ব্যবহার করা উচিত। কিন্তু নিশ্চিতভাবেই হিন্দুরা তাদের খারাপ চোখে দেখেন না। কারণ তারা নারীদের পুজো করেন।’
এদিকে কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবসহ ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে বুধবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে রাজ্যের হাইকোর্ট।
মধ্যপ্রদেশেও হিজাব-বিতর্কের আঁচ লেগেছে। দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের প্রেক্ষিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাস করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।