মান্নাকে প্রথম ও শেষ দেখা’র স্মতিচারণ করলেন নিরব

নায়ক মান্না ওরফে আসলাম তালুকদার ২০০৮ সালের এই দিনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৪তম মৃত্যুবার্ষিকীর  দিনটি মান্নার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ করছে তার পরিবার। এদিকে তারকারাও মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেনও মান্নাকে প্রথম দেখা ও শেষ দেখার স্মৃতিচারণ করলেন।

নিরব বলেন, ‘সালটা ২০০৮ । ওয়ান্ডারল্যান্ডের গল্প এটি। মান্না ভাই আর নিপুণ সেখানে একটি ছবির শুটিং করছিলেন। আমি আর প্রভা সেখানে ম্যাগাজিন আনন্দআলোর ফটোশুট করছিলাম। হঠাৎ ক্যামেরাম্যান এসে বললেন, মান্না ভাই আপনাকে ডাকছে। মান্না ভাই তখন তুমুল জনপ্রিয় নায়ক। আমি তখন টিভি মিডিয়াতে কাজ করছি। সেই আমাকেই ডাকছেন মান্না ভাই। বিষয়টি আমার দারুণ লাগলো। নিজের কাজটা শেষ করে মান্না ভাইয়ের কাছে যাই। তিনি দেখা করার সঙ্গে সঙ্গে তার প্রথম কথা ছিল নিরব তুমি সিনেমা করো না কেন? আমি বললাম, ভাই করবো। তিনি বললেন, শুধু করবো করবো না বলে এখনই শুরু করে দাও। মান্না ভাইয়ের সঙ্গেই ওইটাই আমার প্রথম এবং শেষ দেখা। এর ১৫-১৬দিন পরই অকাল বিদায় নেন তিনি।

মান্না ভাইয়ের সঙ্গে সেদিন ১০ মিনিটের মতো আলাপে ফিল করেছিলাম সিনেমার জন্য কতটা অন্তপ্রাণ ছিলেন তিনি। কতটা মনেপ্রাণে চাইতেন সিনেমার উন্নয়ন। নতুনরা কাজে আসুক, সিনেমা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হোক কতটা চাইতেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রি তার অকালপ্রয়াণে কতটা ক্ষতির মুখে পড়েছে তা ফিল্মের প্রতিটি মানুষই হয়তো অনুভব করে থাকেন।

আজ গণমানুষের এই নায়কের ১৪ তম মৃত্যুবার্ষিকী। দিনটিতে গভীরভাবে স্মরণ করছি তাকে। যেখানেই থাকুন ভালো থাকুন মান্না ভাই।’