‘জ্বীনের বাদশার স্বর্ণের মূর্তিতে’ সম্পদশালী হতে গিয়ে নিঃস্ব ৩ পরিবার

এক লাফে সম্পদশালী করার টোপ দিয়ে জ্বীনের বাদশাহ পরিচয়ে স্বর্ণের মূর্তির বদলে পিতলের মূর্তি দিয়ে হাতিয়ে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। কথিত এই জ্বীনের বাদশাহর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন ৩ পরিবার।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতারণার শিকার পরিবাররা হলেন- ওই এলাকার ওমর আলীর মেয়ে নুরজাহান (২৪), সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লার রবিউলের মেয়ে পায়েল (১৪) ও আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত তিন সপ্তাহ আগে অজ্ঞাত প্রতারক জ্বীনের বাদশা পরিচয় দিয়ে পায়েলের সঙ্গে কথা বলা শুরু করে।

পরবর্তীতে বিভিন্ন রকম ভয়ভীতি ও লোভ দেখিয়ে নীলটেক ব্রিজের উত্তর পাশে ভুয়া স্বর্ণের মূর্তি রেখে যায় ওই প্রতারক চক্র। কাউকে না জানিয়ে গত ১৪  ফেব্রুয়ারি দুপুরে সেই মূর্তি সংগ্রহ করতে বলেন।

তার আগে কথিত জ্বীনের বাদশাহকে বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা দেয়া হয়।

মূর্তি রাখার স্থলে রাখতে বলা হয় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার। কিছুক্ষণ পরে স্বর্ণালংকারগুলোও উধাও হয়ে যায়।

পরে প্রতারক মোবাইল করে ক্ষতি হবে জানিয়ে কাউকে বিষয়টি না বলার জন্য অনুরোধ করেন।

জ্বীনের বাদশাহর দেওয়া মূর্তিটি পিতলের বুঝতে পেরে ভুক্তভোগীরা তাদের আত্মীয়-স্বজনকে জানালে বিষয়টি প্রকাশ পায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতারকের ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।