দুর্নীতি মামলায় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১১ জনের কারাদণ্ড

দুর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ ( জেলা ও দায়রা) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন যশোরের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, নড়াইল পৌরসভার হাট বাজার ও বাস টার্মিনাল ইজারা বাবদ ১২ লাখ ২২ হাজার ৮০ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ আগস্ট দায়ের করা মামলায় আদালত এ দণ্ডাদেশ দিয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী মামলাটি দায়ের করেন। আসামিরা সেসময় নড়াইল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা এবং ইজারাদার ছিলেন।

সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে ৮ জন রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- নড়াইল পৌরসভার তৎকালীন কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, আহম্মদ আলী খান ও তেলায়েত হোসেন, নড়াইল রূপগঞ্জ হাটের ইজারাদার রকিবুল ইসলাম, রাধে কুন্ডু, ইজাজুল হাসার বাবু, নড়াইল বাস টার্মিনালের ইজারাদার জিল্লুর রহমান, এইচএম সোহেল রানা পলাশ, নড়াইল পৌরসভার প্রাক্তন সচিব শফিকুল আলম ও প্রাক্তন সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান।

এদের মধ্যে ইজারাদার রকিবুল ইসলাম, ইজাজুল হাসান বাবু ও জিল্লুর রহমান পলাতক রয়েছেন।

আইনজীবী সিরাজুল ইসলাম মামলার বিবরণে জানান, হাট ইজারা নীতিমালার ২০০২ এর ৩ (দ) অনুচ্ছেদে বর্ণিত নিয়ম ভঙ্গ করে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট, নড়াইল শহর বাজার ও নড়াইল টার্মিনাল ইজারা দিয়ে বাংলা ১৪২২ সালে ৭ লাখ ৮১ হাজার ২০ টাকা ও ১৪১১ সালে ৪ লাখ ৪১ হাজার ৮০ টাকা পৌরসভায় জমা না দিয়ে আসামিরা আত্মসাৎ করেছেন।

টাকার মোট পরিমাণ ১২ লাখ ২২ হাজার ৮০ টাকা। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।