জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও দাওয়াত কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেছেন, জাতির জনক সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছে। জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংরা, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। আধুনিক বাংলাদেশের রূপকার, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্নেহধন্য মোস্তাফিজার রহমান রংপুরের মাটি ও মানুষের নেতা। তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনো সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয়ভাবেও ব্যবস্থা নেয়া উচিৎ।’