গাজীপুরে নারীকে হত্যা

ছেলের পাঠানো অর্থ-অলংকার লুটতে মাকে খুন

প্রবাসী ছেলের পাঠানো অর্থ ও অলংকার লুট করতেই শ্বাসরোধে হত্যা করা হয়েছিল গাজীপুর মহানগরীর আধেপাশা এলাকার সাহারা বেগমকে (৬০)। ঘটনার দেড় বছর পর দুই আসামিকে গ্রেপ্তারের পর গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, ২০২০ সালের আগস্ট মাসে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল প্রতিবেশী মামুনুর রশীদ (৩৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এস এম শাকিল হাসান জানান, দীর্ঘ তদন্ত শেষে গত বুধবার রাতে মহানগরীর ১৫নং ওয়ার্ডের ভোগড়া পশ্চিমপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. আল আমিনকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে আধেপাশা উত্তরপাড়া এলাকার সফিজ উদ্দিনের ছেলে মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।