খুলনার তেরখাদায় মনি ও মুক্তা নামে দুই মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়।
দুই শিশু ছিল নানার বাড়িতে। তাদের নানার নাম খায়ের শেখ।
নিহত দুই শিশুর বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই শিশু তার মা কনা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন তার বাচ্চা দুটি পাশে নেই।
এ সময়ে এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে যমজ বাচ্চা দুটির মরদেহ পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, ‘এ ঘটনায় শিশুদের মা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’